মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক
মাদকাসক্ত ও মাদক কারবারিরা দেশের শত্রু’
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক মাদকবিরোধী সমাবেশ। শনিবার বিকেলে মোহনপুর ট্রলারঘাটে মোহনপুর মাদকপ্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, সদর থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, “মাদক কারবারি ও মাদকাসক্তরা সমাজ ও দেশের শত্রু। তারা নিজেদের স্বার্থে শুধু নিজের জীবনই ধ্বংস করছে না, ধ্বংস করছে পরিবার, সমাজ, জাতি ও দেশকে।” তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, এলাকায় সক্রিয় মাদকের গডফাদাররা অসহায়, দরিদ্র ও আয়-উপার্জনহীন নারী-পুরুষ এবং শিশুদের ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করে থাকে। তাদের জিম্মি করে অপরাধের জাল বিস্তার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। উপপরিচালক জানান, মোহনপুর ইউনিয়নের মাদক কারবারি ও মাদকাসক্তদের একটি তালিকা ইতোমধ্যে তাদের হাতে এসেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ যৌথভাবে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসনেও সহযোগিতা করা হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, মোহনপুরের চিহ্নিত মাদক কারবারি রেজাউল করিমসহ এলাকার অন্যান্য মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তিনি জানান, শহরে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে মাদকের বাজারে চাপ তৈরি হয়েছে। আগে শহরে যে মাদক ২৫০ টাকায় পাওয়া যেত, এখন সেটি ১ হাজার টাকাতেও মিলছে না। এ কারণে শহরের মাদক কারবারিরা এখন গ্রামাঞ্চলের দিকে ঝুঁকছে। এ পরিস্থিতিতে গ্রামাঞ্চলেও সর্বোচ্চ সতর্কতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ওসি রতন শেখ আরও বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এই এলাকার মাদক কারবারি ও মাদকাসক্তদের বিষয়ে পুলিশ ইতোমধ্যে অবগত হয়েছে। রেজাউলের বিচারও এ সমাবেশে গ্রামবাসী দাবি করেছেন উল্লেখ করে তিনি বলেন, রেজাউলসহ তালিকাভুক্ত সকল মাদক কারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
শিক্ষক রইসুজ্জমানের সঞ্চালনায় এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম।
এ ছাড়া বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা কাজী শামসুল হুদা সোহেল, সাংবাদিক শামস শামীম, সাবেক মেম্বার আজিজুর রহমান, উদ্যোক্তা জাহাঙ্গীর আলম, মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. সেলিম, মসিউর রহমান রাসেল, ইউপি সদস্য নূরুল আমিনসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
সজল আহমেদ / লতিফুর রহমান রাজু
মন্তব্য করুন: