হবিগঞ্জে কয়েদি নিয়ে দুর্ঘটনায় প্রিজন ভ্যান, আহত ২২ জন
হবিগঞ্জ জেলা কারাগারের একটি প্রিজন ভ্যান কয়েদি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
রোববার (২১ জুন) রাত ৮ টার দিকে শহরতলীর ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কারাগার সূত্রে জানা যায়, রোববার রাতে আদালত থেকে ৩২ জন পুরুষ ও ১ জন নারী আসামিকে নিয়ে প্রিজন ভ্যানটি জেলা কারাগারের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় পৌঁছালে হঠাৎ চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে প্রিজন ভ্যানটি সড়কের পাশের পিলার ভেঙে একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে।
দুর্ঘটনায় ভ্যানে থাকা কয়েদী ও পুলিশ সদস্যসহ ২২ জন আহত হন। গুরুতর আহত ৪ জনকে দ্রুত হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। অপর আহতদের কারাগার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান জেল সুপার।
এ বিষয়ে জেল সুপার মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের উদ্ধার করে কারাগার ও জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রোদ্দুর রিফাত / সজল
মন্তব্য করুন: