শুক্রবার মৌলভীবাজার আসছেন এনসিপি নেতা নাসির ও সারজিস

সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে

শুক্রবার মৌলভীবাজার আসছেন এনসিপি নেতা নাসির ও সারজিস

কামরান আহমদ, মৌলভীবাজার

২২/০৬/২০২৬ ১৮:২২:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী শুক্রবার (২৬ জুন) এক প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সীমান্ত হত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আয়োজিত এই সমাবেশে যোগ দিতে মৌলভীবাজার আসবেন দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।


দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তার দাবিতে আয়োজিত এই সমাবেশে অংশ নিতে কুলাউড়ায় আসছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম এবং আশরাফ মাহাদী।


জানা গেছে, শুক্রবার মৌলভীবাজারে পৌঁছানোর পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথমে কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবির বাজার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন। নামাজ আদায় শেষে তারা সরাসরি শরীফপুর সীমান্ত এলাকায় আয়োজিত মূল প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন। 


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে জানানো হয়েছে, "সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ও আগ্রাসনের বিরুদ্ধে তীব্র জনমত তৈরি এবং অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে আমাদের এই আয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তার বিষয়ে জনগণকে ঐক্যবদ্ধ হতেই হবে।"


কেন্দ্রীয় নেতাদের আগমন এবং সীমান্ত হত্যার মতো স্পর্শকাতর ইস্যুকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সমাবেশটি সফল করতে ইতোমধ্যে কুলাউড়া ও আশপাশের এলাকায় জোরদার প্রস্তুতিমূলক কার্যক্রম ও গণসংযোগ শুরু হয়েছে। 


স্থানীয়দের প্রত্যাশা, এই সমাবেশের মাধ্যমে সীমান্ত সুরক্ষায় একটি শক্তিশালী বার্তা দেওয়া সম্ভব হবে।

রোদ্দুর রিফাত/ সজল আহমদ

মন্তব্য করুন: