আলম সাব্বিরকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে তাহিরপুর প্রেসক্লাব

আলম সাব্বিরকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে তাহিরপুর প্রেসক্লাব

শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর প্রতিনিধি

২৯/০৬/২০২৬ ১৮:০৫:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি এবং হযরত শাহ আরেফিন (র.) আস্তানার সদস্য সচিব আলম সাব্বিরকে নিয়ে মিথ্যা ও মানহানিকর প্রচারণার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব। একই সঙ্গে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।


সোমবার (২৯ জুন) উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও সিলেটের ডাকের তাহিরপুর প্রতিনিধি রমেন্দ্র নারায়ণ বৈশাখ।


সমাবেশে বক্তারা বলেন, আলম সাব্বির দীর্ঘ ২২ বছর ধরে হযরত শাহ আরেফিন (র.) আস্তানার খাদেম হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রতি বছর সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে আস্তানার আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করা হয়। তার এই সুনাম ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তাকে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।


আলম সাব্বির বলেন, “আমি সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার থেকেছি এবং এ বিষয়ে কাজ করেছি। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যারা আমাকে মাদকের সঙ্গে সম্পৃক্ত বলে অপবাদ দিচ্ছে, প্রকৃতপক্ষে তারাই এসব অপকর্মের সঙ্গে জড়িত।”


তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের অফিস সম্পাদক মু. রুকন উদ্দিন বলেন, “আলম সাব্বির একজন সিনিয়র সাংবাদিক। দীর্ঘ ২২ বছর ধরে তিনি সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাকে জড়িয়ে যে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”


প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক আলম সাব্বিরের সম্মানহানির জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।


সমাবেশে আরও উপস্থিত ছিলেন ভোরের ডাকের প্রতিনিধি শামসুল আলম আখঞ্জি, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি কামাল হোসেন, খোলা কাগজের প্রতিনিধি মু. রুকন উদ্দিন, এনটিভি ইউরোপের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক বাংলার প্রতিনিধি আবুল কাশেম, বাংলাদেশ বুলেটিনের আব্দুল আলিম ইমতিয়াজ, দৈনিক এদিনের প্রতিনিধি শামায়ুন আহমদ, নিউজ বাংলার প্রতিনিধি বাবুল আহমদ, দৈনিক সংগ্রামের প্রতিনিধি তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সজল আহমেদ / প্রীতম দাস

মন্তব্য করুন: