মাধবপুরে ৮ লাখ টাকার ১০৩টি ‘চায়না দুয়ারি’ জাল জব্দ ও ধ্বংস

মাধবপুরে ৮ লাখ টাকার ১০৩টি ‘চায়না দুয়ারি’ জাল জব্দ ও ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০২/০৭/২০২৬ ১১:১৬:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১০৩টি অবৈধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বুধবার (১ জুলাই) বিকেল ৩টায় উপজেলা অফিসার্স ক্লাবের পেছনের মাঠে জব্দকৃত এই নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, একই দিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের নেতৃত্বে মাধবপুর জাল বাজারের একটি গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে উপজেলার হাওর অঞ্চলে পৃথক অভিযান চালিয়ে আরও ৪৩টি জাল উদ্ধার করে মৎস্য বিভাগ। জব্দকৃত মোট ১০৩টি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।


ইউএনও মো. মেহেদী হাসান বলেন, "নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের ফলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ কারণেই সরকার এই জাল নিষিদ্ধ করেছে। দেশীয় মাছের বংশবৃদ্ধি ও হাওরের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"


জাল পোড়ানোর সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: