কুলাউড়ায় সৎ বাবার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তরুণীর

পুলিশি হয়রানি বন্ধের আকুতি

কুলাউড়ায় সৎ বাবার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তরুণীর

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০২/০৭/২০২৬ ১১:৩৫:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সৎ বাবার দীর্ঘদিনের যৌন ও মানসিক নিপীড়ন থেকে বাঁচতে নিজের ইচ্ছায় ঘর ছেড়েছেন এক তরুণী। তবে মূল ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ওই তরুণীর সৎ বাবা উল্টো মেয়ের স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি ‘মিথ্যা অপহরণ মামলা’ দায়ের করেছেন বলে অভিযোগ উঠেছে।


ভুক্তভোগী ওই তরুণী নিজেই সংবাদমাধ্যমের সামনে এসে সৎ বাবার জঘন্য কর্মকাণ্ডের বিবরণ এবং শ্বশুরবাড়ির ওপর চলা পুলিশি হয়রানির তথ্য ফাঁস করেছেন। ভুক্তভোগী তরুণী উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চান্দাপুর গ্রামের বাসিন্দা।


তরুণী জানান, প্রায় পাঁচ বছর আগে তার মায়ের সাথে অভিযুক্ত ব্যক্তির বিয়ে হয়। এরপর থেকেই ওই ঘরে তার জীবনের কোনো নিরাপত্তা ছিল না। দীর্ঘ পাঁচ বছর ধরে তার সৎ বাবা গভীর রাতে তার শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক যৌন হয়রানি করে আসছিলেন। লোকলজ্জা ও ঘর থেকে তাড়িয়ে দেওয়ার হুমকির মুখে তিনি এতদিন মুখ খুলতে পারেননি।


তরুণী বলেন, "তিনি প্রবাসে যাওয়ার আগের দিনও আমার ওপর পাশবিক নির্যাতন চালিয়েছিলেন। মায়ের আপত্তির কারণে কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও, সম্প্রতি তিনি দেশে ফিরেই আবারও আমার সাথে চরম কুৎসিত আচরণ ও আপত্তিকর ইঙ্গিত শুরু করেন। নিজের ইজ্জত আর জীবন বাঁচাতে গত চার দিন আগে আমি স্বেচ্ছায় ঘর ছাড়তে বাধ্য হই এবং নিজের পছন্দের মানুষকে বিয়ে করি।"


তিনি স্পষ্ট ভাষায় জানান, তাকে কেউ অপহরণ করেনি। তিনি সজ্ঞানে ও সম্পূর্ণ নিজের ইচ্ছায় স্বামীর বাড়িতে অবস্থান করছেন। তবে তার সৎ বাবা ও চাচা মিলে মূল ঘটনা আড়াল করতে এবং শ্বশুরবাড়ির পরিবারটিকে ধ্বংস করতে কুলাউড়া থানায় মিথ্যা মামলা দিয়েছেন।


তরুণী ক্ষোভ প্রকাশ করে বলেন, "মিথ্যা মামলার জেরে পুলিশ এখন প্রতিদিন আমার শ্বশুর, শাশুড়ি, ননদ ও দুলাভাইকে গ্রেফতারের হুমকি দিচ্ছে। যারা আমাকে আশ্রয় দিল, আইনি অধিকার দিল, তাদের কেন এভাবে হেনস্তা করা হচ্ছে? আমি তো নিজের ইচ্ছায় এসেছি।"


সৎ বাবার কঠোর শাস্তি দাবি করে তিনি প্রশ্ন তোলেন, "আমার কি নিজের একটা জীবন নেই? আমি কোন ভরসায় ওই ব্যক্তির সাথে একই ছাদের নিচে থাকতাম?" তিনি অনতিবিলম্বে তার শ্বশুরবাড়ির নিরপরাধ সদস্যদের ওপর থেকে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের আকুল আবেদন জানিয়েছেন।


এদিকে একজন প্রাপ্তবয়স্ক তরুণীর জীবন ও সম্ভ্রম যেখানে নিজ গৃহেই হুমকির মুখে, সেখানে পুলিশ কেন ঘটনার সুষ্ঠু তদন্ত না করে একটি নিরীহ পরিবারের ওপর ক্ষমতার অপব্যবহার করছে— তা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: