সম্মেলনের তাগিদ দলীয় প্রধানের
মৌলভীবাজার জেলা বিএনপিতে কোন্দল নিরসনের চেষ্টা
দীর্ঘ ১৯ মাসেও সম্মেলন সম্পন্ন করতে না পারায় মৌলভীবাজার জেলা বিএনপিতে সাংগঠনিক স্থবিরতা ও অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে। অধীনস্থ পাঁচটি ইউনিটের সম্মেলন আটকে থাকায় জেলার মূল কাউন্সিল করা সম্ভব হচ্ছে না—বিষয়টি গত ১৭ জুন জেলা সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আনেন তৃণমূলের একাংশ। এর পরিপ্রেক্ষিতে তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ইউনিটের কাউন্সিল শেষ করে দ্রুত জেলা সম্মেলন আয়োজনের নির্দেশ দিয়েছেন।
তৃণমূলের নেতাকর্মীদের মতে, স্থানীয়ভাবে কোন্দল ও নেতৃত্বের টানাপোড়েন মেটাতে ব্যর্থ হওয়ায় বিষয়টি সরাসরি দলীয় প্রধানের হস্তক্ষেপ পর্যন্ত গড়িয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলা বিএনপি বর্তমানে ৩২ সদস্যের একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। ২০২৪ সালের ৪ নভেম্বর কেন্দ্র থেকে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফয়জুল করিম ময়ুনকে আহ্বায়ক এবং আব্দুর রহিম রিপনকে সদস্যসচিব করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। তবে দীর্ঘ সময় পার হলেও এই কমিটি জেলা সম্মেলন সম্পন্ন করতে পারেনি।
গত ১৭ জুন মৌলভীবাজারের দুসাই রিসোর্টে জেলা ও সিলেট বিভাগীয় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় নেতারা জানান, জেলা বিএনপির আওতাধীন পাঁচটি সাংগঠনিক ইউনিটের সম্মেলন শেষ না হওয়ায় মূল জেলা সম্মেলন করা যাচ্ছে না। সব শুনে তারেক রহমান ঝুলে থাকা ইউনিটগুলোর কাউন্সিল দ্রুততম সময়ের মধ্যে শেষ করে অবিলম্বে জেলা সম্মেলন আয়োজনের তাগিদ দেন।
এর আগে, ২০১৯ সালের ১১ এপ্রিল মৌলভীবাজার জেলা বিএনপির সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছিল। ১৫১ সদস্যবিশিষ্ট ওই কমিটির সভাপতি ছিলেন এম নাসের রহমান এবং সাধারণ সম্পাদক ছিলেন মিজানুর রহমান। তৎকালীন কমিটির শীর্ষ দুই নেতার দ্বন্দ্বে পরবর্তীতে জেলা বিএনপির কার্যক্রম বিভক্ত হয়ে পড়ে।
বর্তমানে জেলার সিংহভাগ নেতাকর্মী আহ্বায়ক কমিটির অবসান ঘটিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পক্ষে। শীর্ষ পদের দৌড়ে বরাবরের মতোই আলোচনায় রয়েছেন জেলার কয়েকজন জ্যেষ্ঠ নেতা। সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এবং বর্তমান আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন সভাপতি পদের মূল দাবিদার। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদের আলোচনায় রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং বর্তমান সদস্যসচিব আব্দুর রহিম রিপন।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতা সালাহ উদ্দীন এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন জানান, দলীয় প্রধানের নির্দেশনার পর তারা তৃণমূলের ইউনিয়ন কমিটিগুলোর তালিকা প্রস্তুতসহ কাউন্সিল আয়োজনের প্রক্রিয়া শুরু করেছেন। দ্রুতই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে তারা আশাবাদী।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, "রাজনৈতিক বাস্তবতা ও বিভিন্ন প্রতিকূলতার কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আহ্বায়ক কমিটি বসে ছিল না; দলকে ঐক্যবদ্ধ রাখতে আমরা কাজ করেছি। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী শিগগিরই বাকি পাঁচটি ইউনিটের কাউন্সিল শেষ করে ত্যাগী ও যোগ্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে।"
তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: