কুলাউড়ায় সাবেক ছাত্রলীগ নেতার পোস্টে জুলাই যোদ্ধাদের তীব্র ক্ষোভ

শহীদদের অবমাননার অভিযোগ

কুলাউড়ায় সাবেক ছাত্রলীগ নেতার পোস্টে জুলাই যোদ্ধাদের তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০২/০৭/২০২৬ ২০:০৪:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুলাউড়া উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। আন্দোলনের চেতনাকে উপহাস করে দেওয়া ওই পোস্টের পর অভিযুক্তকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় জুলাই যোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কুলাউড়ায় সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলায় সরাসরি নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে আবু সায়হাম রুমেলের বিরুদ্ধে। আন্দোলনের পর দীর্ঘ সময় তিনি আত্মগোপনে থাকলেও সম্প্রতি তাকে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা গেছে। গত ১ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তিনি নিজের ফেসবুক আইডিতে আন্দোলনের চেতনাকে কটাক্ষ করে একটি কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেন। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় সচেতন মহলে সমালোচনার ঝড় ওঠে।


আন্দোলনে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, হামলার ভিডিও ফুটেজ ও দালিলিক প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দেওয়ার সাহস পাচ্ছেন, তা নিয়ে গভীর প্রশ্ন দেখা দিয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক একজন জুলাই যোদ্ধা অভিযোগ করে বলেন,স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় সে আজ নির্ভয়ে চলাফেরা করছে। আমাদের ওপর সরাসরি হামলা করার পরও সে জুলাইয়ের শহীদ ও আন্দোলনের বিরুদ্ধে এমন পোস্ট দেওয়ার সাহস পাচ্ছে। এটি মূলত বিচারহীনতার সংস্কৃতির চরম বহিঃপ্রকাশ।"


এদিকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে উপজেলা ছাত্রদল নেতা সালমান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "ক্ষমতার দাপট হারিয়ে এখনো যারা গণঅভ্যুত্থানকে মেনে নিতে পারেনি, তাদের এই আস্ফালন ও ঔদ্ধত্যের বিরুদ্ধে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হোক।"


স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও প্রশাসনিক শৈথিল্যের কারণেই অপরাধীরা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর প্রতিক্রিয়া বা প্রতিবাদ লক্ষ্য করা যায়নি।


বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আবু সায়হাম রুমেলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: