মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
মৌলভীবাজার সদর উপজেলায় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুৎফর রহমান কাওসার (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার ওই গ্রামের মুজাহিদ আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসেন কাওসার। এতে মুহূর্তের মধ্যে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কাওসারের আকস্মিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে সাটিয়া গ্রামের পরিবেশ। স্থানীয়রা জানান, কাওসার অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের যুবক ছিলেন। তার এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ।
স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টরা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে বর্ষাকালীন এই সময়ে ভেজা হাত বা স্যাঁতসেঁতে পরিবেশে বৈদ্যুতিক সুইচ, মেইন লাইন ও তার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন তারা, যাতে অসাবধানতার কারণে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা আর না ঘটে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: