হবিগঞ্জ ও মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

আহত ২

হবিগঞ্জ ও মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

০২/০৭/২০২৬ ২৩:০৫:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুই জেলা হবিগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটে। এর মধ্যে হবিগঞ্জের চুনারুঘাটে কৃষিজমিতে কাজ করার সময় দুই সহোদর এবং মৌলভীবাজার সদরে নিজ বাড়িতে কাজ করার সময় এক যুবক প্রাণ হারান।


আমাদের হবিগঞ্জ প্রতিনিধি ফয়সল চৌধুরী জানান, জেলার চুনারুঘাটে কৃষিজমিতে কাজ করার সময় অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী মির্জাপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।


নিহত ব্যক্তিরা হলেন—মির্জাপুর গ্রামের আব্দুল্লাহ মিয়া (৪৫) ও তার ছোট ভাই আজিদ মিয়া (৪০)।


স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আব্দুল্লাহ ও আজিদসহ চারজন নিজেদের কৃষিজমিতে কাজ করছিলেন। ওই জমিতে আগে থেকেই একটি অবৈধ বিদ্যুৎ সংযোগের ছেঁড়া তার পড়ে ছিল। কাজ করার সময় অসাবধানতাবশত ওই তারের সংস্পর্শে এলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অন্য দুজনকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মৌলভীবাজারে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


এদিকে একই দিনে মৌলভীবাজার প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলায় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুৎফর রহমান কাওসার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার ওই গ্রামের মুজাহিদ আলমের ছেলে।


পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসেন কাওসার। এতে মুহূর্তের মধ্যে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


কাওসারের আকস্মিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, কাওসার অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের যুবক ছিলেন। তার এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ।


এদিকে বর্ষাকালীন এই সময়ে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল। স্যাঁতসেঁতে পরিবেশ বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ, মেইন লাইন ও তার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা, যাতে অসাবধানতার কারণে এমন আর কোনো প্রাণহানি না ঘটে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: