কৈতক ২০ শয্যা হাসপাতালে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি

কৈতক ২০ শয্যা হাসপাতালে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

উজ্জীবক সুজন তালুকদার, ছাতক প্রতিনিধি

০৪/০৭/২০২৬ ২৩:৪৮:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দীর্ঘদিন ধরে তীব্র জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল হলেও প্রয়োজনীয় চিকিৎসক ও অন্যান্য জনবল না থাকায় হাসপাতালটি সীমিত সক্ষমতায় পরিচালিত হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ষাটের দশকে প্রতিষ্ঠিত হাসপাতালটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। পরবর্তীতে এটি ১০ শয্যা থেকে ২০ শয্যায় উন্নীত করা হয় এবং হাসপাতাল চত্বরে একটি আধুনিক ট্রমা সেন্টারও নির্মাণ করা হয়। তবে উদ্বোধনের পরও ট্রমা সেন্টারটি এখনও চালু হয়নি এবং দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে বলে অভিযোগ রয়েছে।


হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আবাসিক মেডিকেল অফিসারের পদ পূরণ থাকলেও গাইনি, মেডিসিন, সার্জারি ও অ্যানেস্থেসিয়ার জুনিয়র কনসালটেন্টসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, সহকারী নার্স, ওয়ার্ড বয়, ল্যাব অ্যাটেনডেন্ট, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদের অধিকাংশই শূন্য থাকায় সেবা প্রদান ব্যাহত হচ্ছে। কেবল সিনিয়র স্টাফ নার্সের পদগুলো পূরণ রয়েছে।স্থানীয়দের দাবি, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও ট্রমা সেন্টার চালু করা হলে এলাকার মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন। দ্রুত শূন্য পদগুলো পূরণ এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন তারা।


এ বিষয়ে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন এবং ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূসরাত আরেফিন জানান, জনবল সংকটের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কৈতক ২০ শয্যা হাসপাতালের জনবল সংকট দূর করবে এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নেবে।

ডি আর ডি

মন্তব্য করুন: