বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

০৫/০৭/২০২৬ ১২:৫১:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবলে আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল্লাহ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার খোজারগাঁও গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোজারগাঁও গ্রামে পারিবারিক ও নারী-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একই গোষ্ঠীর কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এক নারীর পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর জেরে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুল হক ও তাঁর ভাগনে মোস্তাকিমের সঙ্গে আব্দুল্লাহ ও তাঁর সমর্থকদের বাকবিতণ্ডা হয়। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও মাগরিবের নামাজের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আব্দুল্লাহ গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত অন্য অন্তত পাঁচজনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত চলছে এবং এই সহিংসতার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

পুলিশ জানায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: