সুনামগঞ্জে ড্রেন নির্মাণ নিয়ে প্রকৌশলীর অডিও ফাঁস, এলাকায় চাঞ্চল্য

সুনামগঞ্জে ড্রেন নির্মাণ নিয়ে প্রকৌশলীর অডিও ফাঁস, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৫/০৭/২০২৬ ২১:৩৪:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই পৌরসভার একটি ড্রেন নির্মাণকে কেন্দ্র করে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্যের কথিত মন্তব্যসংবলিত একটি অডিও রেকর্ড ফাঁসের পর এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে শোনা যায়, মজলিশপুর সরকারি পুকুরপাড় সড়কের এক বাসিন্দা ড্রেন নির্মাণের অগ্রগতি জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্য বলেন-এখন আর কোনো ড্রেন নাই, টেন্ডার নাই।" বাসিন্দা প্রকল্পটি কোনো প্রক্রিয়ায় আছে কি না জানতে চাইলে তিনি বলেন, "কোনো প্রক্রিয়ায় নাই।" এরপর টেন্ডার হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "আপনেরা করিলাইন (আপনারা করে নিন)।" বাসিন্দা পাল্টা প্রশ্ন করেন, “আমরা কেন করব? এটা কি কোনো ধারাবাহিকতায় থাকবে না? অথচ পৌরসভায় তো একের পর এক ড্রেনের টেন্ডার হচ্ছে।” জবাবে প্রকৌশলী বলেন, “কোনো ধারাবাহিকতা নাই। আমি তো বলছি এটা টেন্ডার হবে না।” কেন হবে না— জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, “এটা আমি আপনারে কইতে পারব না, ফোন রাখইন।”


স্থানীয় সূত্রে জানা গেছে, মলয় ভট্টাচার্য দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দিরাই পৌরসভায় একই পদে কর্মরত রয়েছেন।


ভুক্তভোগী এলাকাবাসী জানান, দিরাই পৌরসভার মজলিশপুর সরকারি পুকুরপাড় সড়কে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে অন্তত শতাধিক পরিবার তীব্র জলাবদ্ধতার শিকার। সামান্য বৃষ্টিতেই সড়কটি তলিয়ে যাওয়ায় শিক্ষার্থী, মুসল্লিসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া বাসাবাড়ির ব্যবহৃত পানি নিষ্কাশনের পথ না থাকায় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে।


স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর আগে ড্রেন নির্মাণের দাবিতে পৌরসভায় লিখিত আবেদন করা হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ একই সময়ে পৌরসভার অন্যান্য এলাকায় একের পর এক ড্রেন নির্মাণের টেন্ডার হয়েছে। তৎকালীন পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর এবং পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সনজীব সরকারের আশ্বাসে রাস্তার পাশে সরকারি জায়গা নির্ধারণ ও মাপজোখ করা হলেও বাস্তবে কাজ আর এগোয়নি। এরই মধ্যে দায়িত্বশীল কর্মকর্তার এমন অডিও প্রকাশ্যে আসায় ভুক্তভোগীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।


এ বিষয়ে জানতে দিরাই পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্যের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, "আমি এখন হাসপাতালে রোগী দেখতে এসেছি। পরে কথা বলব।"


দিরাই পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ জানান, "অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়টি সম্পর্কে আমি এখনও পুরোপুরি অবগত নই। তবে অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।" ড্রেন নির্মাণ প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। প্রতিটি ওয়ার্ড নিজে পরিদর্শন করে যেসব এলাকায় আগে ড্রেন নির্মাণ বা উন্নয়নকাজ বেশি জরুরি, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা নেব।"

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: