হবিগঞ্জে নদীগর্ভে বিলীন ৩টি বাড়ি, আতঙ্কে বাসিন্দারা

হবিগঞ্জে নদীগর্ভে বিলীন ৩টি বাড়ি, আতঙ্কে বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৮/০৭/২০২৬ ১৬:০৮:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে নদীভাঙনে বিলীন হয়ে গেছে তিনটি পরিবারের বসতভিটা। তীব্র ভাঙনের কারণে এলাকার আরও বেশ কয়েকটি পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই নদীভাঙনের ঘটনা ঘটে। ভাঙনে ঘরবাড়ির পাশাপাশি একটি পুকুরের পাড় ভেঙে কয়েক লাখ টাকার মাছ নদীতে ভেসে গেছে। এছাড়া পল্লী বিদ্যুতের খুঁটি পানির স্রোতে উপড়ে পড়েছে। ভিটেমাটি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভেতর দিয়ে যাওয়া সোনাই নদীর একটি শাখা খাল খনন করা হয়েছিল। খননকাজ শেষ হওয়ার পর থেকেই এলাকায় ভারী বর্ষণ শুরু হয়। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পানির তীব্র স্রোতে মঙ্গলবার রাতে ভবানীপুর গ্রামের মুস্তাকিম মিয়া, রশিদ মিয়ার মেয়ে হোসনে আরা এবং সুমান মিয়ার তিনটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। পানির স্রোতে ঘরবাড়ির পাশাপাশি বেশ কিছু ফলদ গাছপালা এবং একটি পুকুরের মাছ নদীতে ভেসে গেছে। আজ বুধবার (৮ জুলাই) দুপুরেও ওই এলাকায় অল্প অল্প করে ভাঙন অব্যাহত থাকতে দেখা গেছে।

খবর পেয়ে মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেন।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

রাজীব দেব রায় রাজু/ আর আর

মন্তব্য করুন: