স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মাধবপুরে যুবকের কারাদণ্ড

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মাধবপুরে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৮/০৭/২০২৬ ২০:০০:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করার অভিযোগে রায়হান মিয়া (২৪) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত রায়হান মিয়া উপজেলার মীরনগর গ্রামের কাউসার মিয়ার ছেলে।


​আজ বুধবার (৮ জুলাই) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পেনাল কোড, ১৮৬০-এর ৫০৯ ধারায় এ দণ্ডাদেশ প্রদান করেন।


​আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে রায়হান মিয়া ওই ছাত্রীকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি করে। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে অপরাধীকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক এ দণ্ডাদেশ দেওয়া হয়।


​মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ইভটিজিং ও নারীর প্রতি যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।


​দণ্ডাদেশ প্রদানের পর পরই রায়হান মিয়াকে পুলিশি হেফাজতে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।



রাজীব দেব রায় রাজু/ অথৈ

মন্তব্য করুন: