মৌলভীবাজারে ৩৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

মৌলভীবাজারে ৩৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৯/০৭/২০২৬ ১৭:০২:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি এলাকার কানুনগো বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বড়লেখা উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা লঙ্ঘন করে বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করছিলেন এক ব্যবসায়ী। এই অপরাধে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ইজ্জতপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মতিউর রহমান (২১)-কে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। পরে জব্দকৃত ৩৮ কেজি পিরানহা মাছ বিধি অনুযায়ী মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।


অভিযান চলাকালে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে রাক্ষুসে ও ক্ষতিকর পিরানহা মাছ চাষ এবং ক্রয়-বিক্রয়ের কুফল সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালানো হয়। পাশাপাশি মৎস্য আইনের বিভিন্ন বিধান সম্পর্কে সবাইকে অবহিত করে সতর্ক করা হয়।

হিফজুর/ আর আর

মন্তব্য করুন: