মৌলভীবাজারের চা-শ্রমিক রবিন সিং এখন ‘আব্দুল্লাহ’

মৌলভীবাজারের চা-শ্রমিক রবিন সিং এখন ‘আব্দুল্লাহ’

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১১/০৭/২০২৬ ১২:২৪:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সম্পূর্ণ নিজের ইচ্ছায় ও সজ্ঞানে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবিন সিং (২২) নামের এক তরুণ চা-শ্রমিক। গত ৮ জুলাই (২০২৬) সিলেটের একটি নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের (হলফনামা) মাধ্যমে তিনি এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম রেখেছেন ‘আব্দুল্লাহ’।


নবসৃষ্ট মুসলিম আব্দুল্লাহ বড়লেখা উপজেলার ৮ নং দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের লক্ষ্মীছড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মনি লাল সিং এবং মাতার নাম সরলা দেবী। ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা আব্দুল্লাহ পেশায় একজন চা-শ্রমিক।


আদালত সূত্রে জানা গেছে, সিলেট জজ কোর্টের নোটারি পাবলিক অ্যাডভোকেট মো. আমান উদ্দিনের চেম্বারে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এই হলফনামাটি সম্পাদন ও সত্যায়িত করা হয়। এ সময় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. হারুন উর রশিদ।


হলফনামায় আব্দুল্লাহ (পূর্বনাম রবিন) উল্লেখ করেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে নিজের ভালো-মন্দ বিচার করার পূর্ণ ক্ষমতা তাঁর রয়েছে। দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের পবিত্রতা, আচার-আচরণ ও নিয়ম-কানুনের প্রতি গভীর শ্রদ্ধা ও সন্তুষ্টি থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।


ইসলাম ধর্ম গ্রহণের অনুভূতি ব্যক্ত করে আব্দুল্লাহ জানান, আমাকে কেউ কোনো ধরনের লোভ, ভয়ভীতি বা চাপ সৃষ্টি করেনি। সম্পূর্ণ স্ব-ইচ্ছায় এবং নিজের ভেতরের তাগিদ থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার এই সিদ্ধান্তে পরিবারের পক্ষ থেকেও কোনো প্রকার বাধা বা আপত্তি নেই।


তিনি আরও অঙ্গীকার করেন, এখন থেকে তিনি পূর্ববর্তী ধর্মের সকল রীতিনীতি পরিহার করে আজীবন ইসলামী শরীয়াহ অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা পালনসহ সকল ধর্মীয় বিধান মেনে চলবেন।


আইনি আনুষ্ঠানিকতা শেষে নব-মুসলিম আব্দুল্লাহ বর্তমানে তাঁর নিজ এলাকা লক্ষ্মীছড়াতেই স্বাভাবিকভাবে বসবাস করছেন। একজন সাধারণ চা-শ্রমিকের এমন স্বতঃস্ফূর্ত ধর্মান্তরের ঘটনাটি স্থানীয় এলাকায় বেশ চাঞ্চল্য ও ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: