হবিগঞ্জে রেমা-কালেঙ্গা সড়ক কর্দমাক্ত, চরম দুর্ভোগে শতাধিক গ্রামের মানুষ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা এলাকার একমাত্র প্রধান সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কারহীন ও কর্দমাক্ত অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দারাগাঁও, হাতিমারা চা-বাগান ও রেমা-কালেঙ্গা বনাঞ্চলসহ প্রায় শতাধিক গ্রাম ও চা-বাগান এলাকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কটি। সড়কের কিছু অংশে কাজ হলেও বাকি অংশের কাজ শেষ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদা-জলে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
কালেঙ্গা এলাকার বাসিন্দা ও অটোরিকশাচালক মো. হাসান আলী জানান, সড়কটি কর্দমাক্ত থাকায় যাত্রী নিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙাচোরা রাস্তার কারণে মাঝেমধ্যেই অটোরিকশা উল্টে দুর্ঘটনা ঘটছে। রেমা বাগানের বাসিন্দা জুবায়ের মিয়া বলেন, “সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। তার ওপর কর্দমাক্ত। জরুরি কোনো রোগীকেও দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে এখন ৩০ থেকে ৪০ মিনিট সময় লেগে যায়।”
সড়কের এই বেহাল দশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিশুরা। কালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, কাদা ও গর্তের কারণে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতে তাদের চরম কষ্ট পোহাতে হয়, প্রায়ই কাপড়ে কাদা লেগে নষ্ট হয়ে যায়।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, “জনগুরুত্বপূর্ণ এই সড়কটি কর্দমাক্ত ও বেহাল হওয়ার বিষয়টি আমি জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবগত করে সড়কের সংস্কার কাজ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আর আর
মন্তব্য করুন: