মৌলভীবাজারে কালীবাড়ির প্রণামী বাক্সে ১ মাসেই মিলল ৮২ হাজার টাকা

মৌলভীবাজারে কালীবাড়ির প্রণামী বাক্সে ১ মাসেই মিলল ৮২ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৪/০৭/২০২৬ ২২:৩৬:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবাক্স প্রকাশ্যে গণনার মাধ্যমে স্বচ্ছতার যে দৃষ্টান্ত তৈরি হয়েছিল, এবার সেই একই পথে হাঁটল মৌলভীবাজারের শ্রী শ্রী নতুন কালীবাড়ি। মন্দির পরিচালনায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রথমবারের মতো স্থাপন করা প্রণামী বাক্স প্রকাশ্য দিবালোকে সাধারণ ভক্তবৃন্দ ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে খোলা হয়েছে।


গত জুনের ১২ তারিখ কালীবাড়িতে প্রথম এই প্রণামী বাক্সগুলো প্রতিস্থাপন করা হয়েছিল। এর ঠিক এক মাস পর, গত ১৩ জুলাই (২০২৬) সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে তিনটি প্রণামী বাক্স উন্মুক্ত করে সর্বমোট ৮২,২৬৭ (বিয়াল্লিশ হাজার দুইশত সাতষট্টি) টাকা পাওয়া যায়।


মন্দিরের দীর্ঘদিনের প্রচলিত অচলাবস্থা ও গোপনীয়তার সংস্কৃতি ভেঙে কার্যনির্বাহী কমিটির এই যুগান্তকারী উদ্যোগ স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। টাকা গণনার সময় উপস্থিত সাধারণ ভক্তরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এটি ধর্মীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।


শ্রী শ্রী নতুন কালীবাড়ি কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন- স্বচ্ছতা, নিয়মানুবর্তিতা এবং কালীবাড়ির সার্বিক উন্নয়নে আমাদের বর্তমান কমিটি বদ্ধপরিকর। মন্দিরের স্বার্থরক্ষা, উন্নয়ন কার্যক্রমে গতি আনা এবং সাধারণ সনাতনী ভক্তদের আস্থা ও সম্পৃক্ততা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।


কমিটির অন্যান্য সদস্যরা জানান, প্রকাশ্যে প্রণামী বাক্স খোলার এই রীতি মন্দির পরিচালনায় সাধারণ মানুষের আস্থা বহুলাংশে বাড়িয়ে দেবে, যা আগামীতে কালীবাড়ির উন্নয়ন কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করবে।


এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাধারণ ভক্ত আশা প্রকাশ করে বলেন, প্রণামীর প্রতিটি টাকা যেন মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কাজেই সঠিকভাবে ব্যয় করা হয়। একই সাথে, মন্দিরের মূল্যবান ভূমি, স্বর্ণালংকার এবং অন্যান্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রেও বর্তমান কমিটি একইভাবে স্বচ্ছ ও জনসম্পৃক্ত ভূমিকা পালন করবে বলে তারা বিশ্বাস করেন।

ডিডি/ অথৈ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad