শ্রীমঙ্গলে ছড়া থেকে বালু উত্তোলন করায় যুবকের কারাদণ্ড
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অলি মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার বধ্যভূমি এলাকায় ৪৬ বিজিবি সদর দপ্তর সংলগ্ন ছড়ায় এই অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত অলি মিয়া শ্রীমঙ্গল পৌর এলাকার জালালিয়া রোডের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভুরভুরিয়া ছড়া থেকে বালু উত্তোলনের সময় অলি মিয়াকে হাতেনাতে আটক করে ৪৬ বিজিবি, শ্রীমঙ্গল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের একটি যৌথ দল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। অভিযানে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং মেজর মাহবুবুল হকের নেতৃত্বে বিজিবি সদস্যরা সহায়তা করেন।
ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: