কুলাউড়ায় পাহাড়ি ঢলে সড়কে ভাঙন, ঝুঁকিতে যান চলাচল

কুলাউড়ায় পাহাড়ি ঢলে সড়কে ভাঙন, ঝুঁকিতে যান চলাচল

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

২০/০৭/২০২৬ ১৯:৩১:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া বাজার থেকে গণকিয়া গ্রামের দিকে উগাছড়া (গাং) পাড় ঘেঁষে নির্মিত সড়কে ভাঙন দেখা দিয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উগাছড়ার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সড়কটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে স্থানীয়দের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি ও শিক্ষা কার্যক্রমেও বিরূপ প্রভাব পড়েছে।

সোমবার (২০ জুলাই) সরেজমিনে দেখা যায়, কর্মধা ইউনিয়ন থেকে নেমে আসা উগাছড়া মুরইছড়া বাজার হয়ে পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে মনু নদীতে মিলিত হয়েছে। সাম্প্রতিক পাহাড়ি ঢলের তীব্র স্রোতে উগাছড়ার পাড়ের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। এর ফলে গণকিয়া সড়কের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এমনকি সাধারণ মানুষের চলাচলও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।


স্থানীয়রা জানান, এ সড়কটি কর্মধা ও পৃথিমপাশা ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। ভাঙনের কারণে কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি পাহাড়ি ঢলের পানিতে আশপাশের কৃষিজমিও প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে গণকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত পুরোনো একটি কালভার্টের পাশেও ভাঙন দেখা দিয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “উগাছড়ার পাড় ভেঙে যাওয়ায় আমরা চরম দুর্ভোগে আছি। সড়কে চলাচল করতে পারছি না, কৃষিজমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দ্রুত সড়ক ও ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহিন আহমদ বলেন, ‘‘পাহাড়ি ঢলের কারণে উগাছড়ার পানি বেড়ে গিয়ে সড়ক ও বিদ্যালয়ের কালভার্টের পাশে ভাঙন সৃষ্টি হয়েছে। এতে এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন।’’

পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী বলেন, “উগাছড়া পাড়ের গণকিয়া সড়ক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের কালভার্টে ভাঙনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে। তার নির্দেশনায় আপাতত বালুভর্তি বস্তা ফেলে মানুষের চলাচলের জন্য সাময়িক ব্যবস্থা করা হয়েছে।”

সংবাদ লেখা পর্যন্ত কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি)-এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ফোনকলেরও কোনো সাড়া মেলেনি।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad