বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক হারুনুর রশীদ
হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে পদায়ন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২১ জুলাই ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে অধ্যাপক এ কে এম হারুনুর রশীদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদ থেকে বৃন্দাবন সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।
কলেজ সূত্র জানায়, অধ্যাপক হারুনুর রশীদ এর আগে বৃন্দাবন সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রশাসন ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
শিক্ষক-কর্মকর্তাদের মতে, তাঁর যোগদানে কলেজের একাডেমিক কার্যক্রম, গবেষণা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় ইতিবাচক গতি আসবে। শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর শিক্ষা পরিবেশ গড়ে তুলতে তিনি ভূমিকা রাখবেন বলে তাঁদের প্রত্যাশা।
অধ্যাপক হারুনুর রশীদ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন সংগঠকদের একজন হিসেবেও পরিচিত।
নতুন উপাধ্যক্ষের যোগদানকে ঘিরে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
স্বপন রবি দাশ/ নীরব
মন্তব্য করুন: