মৌলভীবাজারে ক্যাসিনোনেশার বলী তরুণ ফটোগ্রাফার
একটি ক্যামেরা, হাজারো স্বপ্ন আর এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক্ষা-সবই শেষ হয়ে গেল অনলাইন ক্যাসিনোর নেশায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তন্ময় গোস্বামী (২২) নামের এক তরুণ ফটোগ্রাফারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) তামিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে তরুণটির লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই তামিম জানান, ‘ক্যামেরা কেনার জন্য পরিবারের দেওয়া টাকা অনলাইন ক্যাসিনোয় হেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তন্ময়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।’
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাদার ফটোগ্রাফার হয়ে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন ছিল তন্ময়ের। ছেলের স্বপ্ন পূরণে পরিবার থেকে একটি ক্যামেরা কেনার জন্য বেশ বড় অঙ্কের টাকা তুলে দেওয়া হয়েছিল তাঁর হাতে। কিন্তু সেই টাকা দিয়েই অনলাইন ক্যাসিনোর জালে জড়িয়ে পড়েন তিনি। রাতারাতি ধনী হওয়ার প্রলোভনে পড়ে মুহূর্তের মধ্যেই ক্যামেরা কেনার পুরো টাকা হেরে যান তন্ময়।
স্বজনেরা জানান, টাকা খোয়ানোর পর থেকেই তীব্র অনুশোচনা ও মানসিক চাপে ভুগছিলেন ওই তরুণ। শেষ পর্যন্ত সেই চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার মতো চরম পথ বেছে নেন।
বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, ‘আজ হেরেছি, কাল হয়তো জিতব’—এই কাল্পনিক আশাই অনলাইন ক্যাসিনোর প্রধান হাতিয়ার। এটি কোনো উপার্জনের পথ নয়, বরং একটি মানসিক ব্যাধি ও প্রতারণার ফাদ। যা ধীরে ধীরে একজন মানুষের অর্থনৈতিক সঙ্গতি, আত্মমর্যাদা ও পারিবারিক সম্পর্ক ধ্বংস করে দেয়। তন্ময়ের এই করুণ পরিণতি যুবসমাজ ও পরিবারের জন্য এক তীব্র সতর্কবার্তা।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: