হবিগঞ্জে চা শ্রমিক আশালতার ওপর হামলায় ৩ জন গ্রেপ্তার

হবিগঞ্জে চা শ্রমিক আশালতার ওপর হামলায় ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৬/০৭/২০২৬ ১১:২৯:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের শ্রমিক আশালতা গোয়ালার (৬০) ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, দেউন্দি চা বাগানের বাসিন্দা অঞ্জলি চাষা লিনা, কৃষ্ণনা ঘোষ, বিনতি কানু।

শনিবার (২৫ জুলাই) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার এসআই মৃদুল কুমার ভৌমিক। এর আগে আহত আশালতা গোয়ালার এক আত্মীয় পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। এ প্রেক্ষিতে পুলিশ দুপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

এদিকে, সকালে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল  করেন বাগানের চা শ্রমিকরা। বাগান ফ্যাক্টরির সামনে আয়োজিত এ বিক্ষোভে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক চা শ্রমিক অংশ নেন।

বক্তারা বলেন, একজন বয়স্ক নারী শ্রমিকের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার না হলে চা বাগানের শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

বিক্ষোভে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, নারী সংগঠনের নেত্রী খাইরুন আক্তার, চা শ্রমিক প্রতিনিধি উজ্জ্বল দাশ, ইউপি সদস্য কার্তিক বাগতিসহ লস্করপুর ভ্যালির ছাত্র, যুবক ও নারী চা শ্রমিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বাগানের এক শ্রমিক নেতা জানান, মঙ্গলবার (২১ জুলাই)  শিবু ও প্রশান্ত গোয়ালার পরিবারের নারীরা পারিবারিক বিরোধ নিয়ে আশালতা গোয়ালা ওপর গরম পানি ঢেলে দিলে তার শরীর ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এসআই মৃদুল কুমার ভৌমিক জানান, এ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মামলার বাকি দুই আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

স্বপন রবি দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad