সিলেটে সেই প্রধান শিক্ষিকার নাচের রিলস নিয়ে তদন্ত কমিটি গঠন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পালের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার পর বিষয়টি তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।
জানা গেছে, ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পাল চলতি বছর সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি নিজের ফেসবুক আইডি “অহহধনবষ খর খর” থেকে কয়েক সেকেন্ডের একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওতে বিদ্যালয় প্রাঙ্গণে শাড়ি পরে বাংলা গানের সঙ্গে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাকে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক।
ভিডিওটি প্রকাশের পর একদিকে অনেকেই শিক্ষিকার আচরণের সমালোচনা করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সাইবার বুলিং চালান। অন্যদিকে, অনেকে ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন তুলে তার পক্ষে অবস্থান নিয়ে ট্রল ও সাইবার বুলিংয়ের প্রতিবাদ জানান।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকার কর্মকাণ্ডে সরকারি আচরণবিধি বা অন্য কোনো বিধি-নিষেধ লঙ্ঘিত হয়েছে কি না। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয় চলাকালীন সময়ে এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় এ মুহূর্তে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা সমীচীন হবে না।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করে সরকারি আচরণবিধি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান সরকারি নির্দেশনা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা যাচাই করা হবে।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: