মৌলভীবাজারে ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ
মৌলভীবাজারের রাজনগর চা বাগানে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, স্থায়ী ভূমির অধিকার প্রদান এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে রাজপথে নেমেছেন চা-শ্রমিকরা।
আজ সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় মৌলভীবাজারের রাজনগর চা বাগান কার্যালয়ের সামনে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই গণবিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন চা বাগানের কয়েক শ শ্রমিক অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমানে চা-শ্রমিকরা দৈনিক মাত্র ১৮৭ টাকা মজুরি পাচ্ছেন। দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এত অল্প টাকায় পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পাশাপাশি শিক্ষা, বাসস্থান, পুষ্টি ও উন্নত চিকিৎসাসেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন তারা।
শ্রমিক নেতারা আরও বলেন, নানা অজুহাতে দীর্ঘদিন ধরে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঝুলিয়ে রাখা হয়েছে। ইউনিয়ন না থাকায় বাগানের প্রতিনিধি ব্যবস্থা নেতৃত্বশূন্য হয়ে পড়ছে এবং শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মালিকপক্ষের কাছে পৌঁছাচ্ছে না। অবিলম্বে ইউনিয়নের নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শ্রমিকদের অধিকার আদায়ের পথ সুগম করার দাবি জানান তারা।
গণবিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি, বাংলাদেশ চা-শ্রমিক নারী ফোরামের আহ্বায়ক গীতা রানী কানু, বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু নুনিয়া, চা-শ্রমিক বাসন্তী রবিদাস ও দুলন অলমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে শ্রমিক নেতারা অবিলম্বে দৈনিক ৫০০ টাকা মজুরি, বাসস্থানের জন্য ভূমির স্থায়ী অধিকার, মানসম্মত চিকিৎসা ও দ্রুত চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় অধিকার আদায়ে আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
আর আর
মন্তব্য করুন: