সিলেটে প্রধান শিক্ষিকার ভাইরাল ভিডিও প্রসঙ্গে প্রতিমন্ত্রী
‘গান শোনা বা রিল ভিডিওতে কোনো অন্যায় বা অশ্লীলতা নেই’
সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার ফেসবুক রিলকে কেন্দ্র করে সাইবার বুলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্কের মুখে শিক্ষিকার পাশে দাঁড়িয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একইসঙ্গে দেশজুড়ে শিক্ষকরা অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়ে সহকর্মীর সমর্থনে এগিয়ে এসেছেন।
ঘটনার সূত্রপাত সিলেটে ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের একটি সামাজিক মাধ্যম রিলকে ঘিরে। ভিডিওটিতে তাঁকে শাড়ি পরে বিদ্যালয় প্রাঙ্গণে হেঁটে যেতে দেখা যায়, যার আবহসঙ্গীত হিসেবে বাজছিল জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’।
এই ঘটনায় প্রথমে 'ফেঞ্চুগঞ্জ প্রতিদিন' নামক একটি ফেসবুক পেইজ থেকে 'আসিফ ইকবাল ইরন' নামের এক প্রবাসীর আইডি থেকে নেতিবাচক ক্যাপশন ও ভুল তথ্য দিয়ে ভিডিওটি প্রচার করা হয়। শিক্ষিকার অভিযোগ, ব্যক্তিগত শত্রুতা থেকে তাঁর ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করায় তাঁকে মানহানি ও সাইবার বুলিংয়ের শিকার করা হয়েছে। এ ঘটনায় শিক্ষিকা ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
অনলাইন ট্রল ও কটূক্তির বিপরীতে বিউটি রাণী পালের সমর্থনে সোচ্চার হন সারাদেশের প্রাথমিক শিক্ষকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকরা একই গান ব্যবহার করে নিজেদের ছবি ও ভিডিও পোস্ট করে ট্রলকারীদের কড়া জবাব দেন। প্রথাগত প্রতিবাদের বাইরে গিয়ে অনলাইন বুলিংয়ের বিরুদ্ধে চিকিৎসকমহলেও সাড়া ফেলা শিক্ষক সমাজের এই একাত্মতা বেশ প্রশংসিত হয়।
এদিকে এ ঘটনার তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গেলে গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এর কাছে জানতে চান উপস্থিত সংবাদকর্মীরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন মানুষ খোলা বাতাসে দাঁড়িয়ে গান শুনবেন, এতে আলোচনা বা সমালোচনার কী আছে? এতে কোনো অন্যায় বা অশ্লীলতা নেই। মূল আলোচনা সাংবাদিকরাই করছেন, সাধারণ জনগণ নয়।
প্রতিমন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির বিকাশ ঘটাতে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে গান, কবিতা, নাটক ও কেরাতসহ সংস্কৃতি চর্চাকে শিক্ষার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এদিকে, সহকর্মীদের আকুণ্ঠ সমর্থনে কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের জোর দাবি জানিয়েছেন শিক্ষিকা বিউটি রাণী পাল।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: