দোয়ারাবাজারে ব্যবসায়ীর সোয়া ১ কোটি টাকার ৪ নৌকা দখলের অভিযোগ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে বালু ব্যবসা ঘিরে চাঁদা দাবি, হামলা ও প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের চারটি স্টিল বডির নৌকা জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বালু ব্যবসায়ী। সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সম্মেলনে ছাতকের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মো. খোকন মিয়া এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে খোকন মিয়া দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে রয়্যালটি পরিশোধ করে বৈধভাবে চেলা নদী থেকে বালু কিনে ব্যবসা করছেন। গত ২ আগস্ট বিকেলে নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও-সংলগ্ন সোনালী চেলা নদীতে স্থানীয় একটি পক্ষ চাঁদা দাবি করে; অস্বীকৃতি জানালে তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয় এবং নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চারটি নৌকা জোরপূর্বক নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। নৌকাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা। আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে জানিয়ে তিনি অভিযুক্তদের গ্রেপ্তার, টাকা ও নৌকা উদ্ধার এবং পরিবারের নিরাপত্তার দাবি জানান।
তবে অভিযুক্ত ও স্থানীয়দের বক্তব্য ভিন্ন। তাঁদের দাবি, নীতিমালার তোয়াক্কা না করে চেলা নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করায় তাঁরা নৌকাগুলো আটক করেছিলেন; সোমবার নৌ পুলিশ সেগুলো উদ্ধার করেছে।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নৌ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মাসুদ রানা সোহাগ / ডিডি
মন্তব্য করুন: