কমলগঞ্জে লাউয়াছড়ায় দেখা মিলল বিরল উল্টোলেজি বানর

কমলগঞ্জে লাউয়াছড়ায় দেখা মিলল বিরল উল্টোলেজি বানর

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০৪/০৮/২০২৬ ১৮:২৮:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে আবারও দেখা মিলেছে বিরল প্রজাতির উল্টোলেজি বানর বা নর্দার্ন পিগ-টেইলড ম্যাকাকের। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, কয়েকটি উল্টোলেজি বানর উদ্যানের ভেতর দিয়ে চলাচল করছে। শান্ত পরিবেশে তাদের স্বাভাবিক আচরণ প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে ছিল আকর্ষণীয় এক দৃশ্য।

সকালে ভ্রমণের সময় ভিডিওটি ধারণ করেন লাউয়াছড়ার বাসিন্দা ও গণমাধ্যমকর্মী সাজু মারচিয়াং।

স্থানীয়ভাবে এই প্রজাতির বানর কেশরওয়ালা সিংহবানর, কুলু বানর, ছোট লেজি বানর ও উলু বানর নামেও পরিচিত। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) প্রাণীটিকে ‘সংকটাপন্ন’ প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। এ ছাড়া বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এটি সংরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত।

উল্টোলেজি বানরের লেজ শূকরের লেজের মতো পিঠের দিকে বাঁকানো থাকে। এদের গায়ের রং হালকা সোনালি থেকে বাদামি এবং প্রধান খাদ্য ফলমূল ও কচিপাতা। সাধারণত ২০ থেকে ২৫টি সদস্যের দলে এরা গভীর বনে বসবাস করে।

ভিডিওতে দেখা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথের পাশেও বানরগুলো চলাচল করছে। এই রেলপথে ট্রেন চলাচলের সময় প্রায়ই বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায়, যা বন্যপ্রাণীর নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশ-বিদেশের শত শত পর্যটক এখানে ভ্রমণে আসেন। বিরল এই উল্টোলেজি বানরের উপস্থিতি উদ্যানটির সমৃদ্ধ জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad