শ্রীমঙ্গলে মুমূর্ষু অজগর উদ্ধার, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত মাছ ধরার জালে আটকে থাকা একটি মুমূর্ষু অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। তবে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক সাপটিকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরতে যান স্থানীয় বাসিন্দা রাজা মিয়া। মাছ ধরার সময় একটি পরিত্যক্ত জালের মধ্যে বড় আকৃতির একটি অজগর সাপ আটকে থাকতে দেখেন তিনি। দীর্ঘ সময় জালে আটকে থাকায় সাপটি তখন মুমূর্ষু অবস্থায় ছিল।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন। পরে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে ভেটেরিনারি সার্জন ডা. আনোয়ারুল ইসলাম সাপটির শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য মৃত অজগরটি শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘‘শ্রীমঙ্গলের বনাঞ্চল ও কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের আবাসস্থল বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে। এতে যেমন প্রাণীগুলো ঝুঁকির মুখে পড়ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে। তাই বন্য প্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।’’
নীরব চাকলাদার/ ডিডি
মন্তব্য করুন: