আশুলিয়ায় ৩৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম।
এর আগে সোমবার (১০ আগস্ট) রাতে আশুলিয়া থানার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের নাম মো. শাহিন (৩২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) মো. রাশেদ মিয়াসহ পুলিশের একটি দল আশুলিয়া থানার কবিরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় চিহ্নিত মাদক কারবারি শাহিনকে আটক করে তার কাছ থেকে তিন হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার ইয়াবার ওজন ৩৪০ গ্রাম এবং মূল্য আনুমানিক মূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার শাহিন একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
রত্না বাউরী
মন্তব্য করুন: