১ বাংলাদেশীকে তুলে নেওয়ার প্রতিবাদে ধরে আনা হলো ২ ভারতীয়
মেহেরপুর সদর উপজেলা সীমান্ত থেকে প্রথমে বিএসএফ এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায়। এর জেরে সীমান্ত সংলগ্ন গ্রামের লোকজন দুই ভারতীয়কে ধরে এনে বিজিবির কাছে দেয়।
পরে মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে ইছাখালী সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর প্রতিনিধিরা পতাকা বৈঠক করেন।
সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিকাল ৩টার দিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়া সত্তরোর্ধ্ব বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে ফিরিয়ে দেয়। বিজিবি দুই ভারতীয়কে তাদের দেশে ফেরত পাঠায়।
ফিরে যাওয়া দুই ভারতীয় হলেন- নদীয়া জেলার তেহট্টা থানার লালবাজার গ্রামের মৃত. মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই এলাকার কুঞ্জ বিশ্বাসের ছেলে নরতন বিশ্বাস (৩৫)।
বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। দুই বাহিনী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আটকদের হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
ফিরে আসা বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম বলেন, সকাল ৮টার দিকে বাড়ির পাশে মরিচ ক্ষেতে কীটনাশক দিতে যান তার দাদা। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলার এলাকার কাছ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
আব্দুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবরে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়। কিছুক্ষণ পর তারা ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে ধরে নিয়ে আসেন এবং ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন।
এ ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর প্রতিনিধিরা শূন্যরেখায় পতাকা বৈঠক বসেন। বৈঠকে নবচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাজিব কুমার এবং ইছাখালি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু হানিফ প্রতিনিধিত্ব করেন।
ডিডি/ নীরব
মন্তব্য করুন: