২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই লোডশেডিং
চলমান বিদ্যুৎ সংকট, দীর্ঘ সময়ের লোডশেডিং ও বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত ইসলামি বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। একই সঙ্গে সংকটের প্রতিকার দাবিতে গ্রামগঞ্জে একযোগে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৯ আগস্ট) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন গিয়াসউদ্দিন তাহেরি।
পোস্টে তিনি উল্লেখ করেন, বিদ্যুৎ অফিস থেকে এক সপ্তাহ পর বিদ্যুৎ সরবরাহ নিয়মিত হওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু দুই সপ্তাহ পর অফিসে যোগাযোগ করে তিনি জানতে পারেন, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি আরও বেড়ে চলেছে।
তিনি লেখেন, ‘মাসব্যাপী বিদ্যুতের সার্ভিস নেই, বিলও কমতি নেই। জনগণের ভোগান্তিরও শেষ নেই। ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই লোডশেডিং।’
বিদ্যুৎ সংকটের প্রসঙ্গে অতীতের জ্বালানি সংকটের কথাও তুলে ধরেন তাহেরি। তিনি লেখেন, ‘আপনাদের মনে আছে কি না জানি না! দীর্ঘ তেলের লাইন স্বাভাবিক হয়েছিল তেলের দাম বৃদ্ধি করে। বিদ্যুৎ এবং গ্যাস হয়তো সেই পথেই হাঁটছে!’
বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিকার পেতে সবাইকে একসঙ্গে মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রতিকার পেতে এক সাথে গ্রামে গঞ্জে প্রতিবাদ গড়ে তুলতে হবে।’
গিয়াসউদ্দিন তাহেরির এ পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তার বক্তব্যকে কেন্দ্র করে বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি, দীর্ঘ লোডশেডিং এবং গ্রাহকদের ওপর এর প্রভাব নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
তবে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি, লোডশেডিংয়ের সময়সীমা এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গিয়াস উদ্দিন /রত্না বাউরী
মন্তব্য করুন: