নারী ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে আটক ২
রাঙামাটির লংগদু উপজেলায় এক নারী ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। আটকরা হলেন- বাইট্টাপাড়া গ্রামের ইসমাইল (৩০) ও একই এলাকার নাছির (৩২)।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
এর আগে সোমবার (১০ আগস্ট) রাতে ওই উপজেলার বাইট্টাপাড়া বাজার আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী নারী (৩৫) চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। তিনি শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন এবং সেই সূত্রেই লংগদুতে গিয়েছিলেন। ভুক্তভোগী নারী জানান, রাত ৮টার দিকে অভিযুক্ত দুজন তাঁর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে ইসমাইলের বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁর মুখ চেপে ধরে দুজন মিলে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।
এদিকে স্থানীয়রা জানান, ঘটনাটি জানতে পেরে তাঁরা তাৎক্ষণিক ইসমাইলের বাড়ি ঘেরাও করেন। পরে ঘরের দরজা খুলে ভেতর থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টাপাড়া বাজারে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে লংগদু থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রত্না বাউরী
মন্তব্য করুন: