মৌলভীবাজারে মাদ্রাসা ছাত্রের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, ২ জন আটক

মামলা প্রক্রিয়াধীন

মৌলভীবাজারে মাদ্রাসা ছাত্রের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, ২ জন আটক

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৩/০৮/২০২৬ ১৫:২৮:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় হাসান আহমদ (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর গলার শ্বাসনালী কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টায় কুসুমবাগ এলাকার 'পিউরিয়া'-র সামনে এই নৃশংস ঘটনাটি ঘটে। আহত হাসান মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের গয়ঘর এলাকার মিন্টু মিয়ার পুত্র এবং মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।

আহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শহর থেকে বাড়ি ফেরার পথে কুসুমবাগ এলাকায় একই এলাকার ৪ কিশোর হাসানের পথরোধ করে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে হামলাকারীরা ধারালো চাকু দিয়ে আঘাত করে হাসানের গলার শ্বাসনালী কেটে দেয়। পরবর্তীতে তার ওপর চরম বর্বরোচিত নির্যাতন চালিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজারে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে হাসানের চাচা পাপলু পারভেজ জানান, একই এলাকার আলিম মিয়ার পুত্র ও কিশোর গ্যাং সদস্য সানির সঙ্গে 'ছোট ভাই-বড় ভাই' সম্বোধন নিয়ে হাসানের বিরোধ চলছিল। সানি নিজেকে 'বড় ভাই' হিসেবে স্বীকার করার জন্য হাসানকে চাপ সৃষ্টি করত। এ নিয়ে বুধবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে সানি দেখে নেওয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় সানি, তাওহিদ ও রনিসহ অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে হাসানের ওপর হামলা চালায়।

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পূর্ব শত্রুতার জের ধরে হাসানের ওপর এই হামলা চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।"

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad