মৌলভীবাজারে চা শ্রমিক দম্পতির একসাথে মৃত্যু
মৌলভীবাজারের রাজনগরে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক চা শ্রমিক দম্পতি। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার ৬ নম্বর ট্যাংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর টিলার মোকাম আকাশী টিলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ।
নিহতরা হলেন—উদনা চা বাগানের মঙ্গল বাউরী (৩৫) ও বিধবা বিনতা বাউরী (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে প্রথম স্ত্রীর অগোচরে বিনতা বাউরীকে বিয়ে করেন মঙ্গল বাউরী। এরপর পরিবারের বাধার কারণে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে যেতে পারছিলেন না তিনি। এ অবস্থায় বিনতাকে সঙ্গে নিয়ে বিভিন্ন চা বাগানে আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান করছিলেন মঙ্গল।
রোববার সকালে মাথিউড়া চা বাগানের এক প্রহরী ২০ নম্বর টিলার মোকাম আকাশী টিলা এলাকায় গাছের সঙ্গে একই দড়িতে দুজনের মরদেহ ঝুলতে দেখেন। পরে বাগান কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা। তবে কী কারণে তারা এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
ডিডি/ নীরব
মন্তব্য করুন: