মৌলভীবাজারে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারে জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মান যাচাইয়ে জেলার চারটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ) জেলা প্রশাসন, মৌলভীবাজারের উদ্যোগে পরিচালিত এ অভিযানে একটি ফিলিং স্টেশনে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়ায় ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আকিব উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটিং এজেন্সি হিসেবে বিএসটিআই, সিলেট কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
অভিযানকালে,মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন,মেরিগোল্ড সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন এবং মেসার্স আমিরুন্নেছা খানম অ্যান্ড কোং-এ জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করে তা সঠিক পাওয়া যায়।
তবে হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশন, মহলাল, রাজনগর-এ জ্বালানি তেল পরিমাপে অনিয়ম ধরা পড়ে। সেখানে অকটেনে প্রতি ১০ লিটারে ৪৩০ মিলিলিটার এবং ডিজেলে প্রতি ১০ লিটারে ২৭০ মিলিলিটার ঘাটতি পাওয়া যায়।
নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের দায়ে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে ৪৬ ধারায় ১ লাখ (এক লাখ) টাকা নগদ অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে ফিলিং স্টেশনের সকল প্রকার ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়। এ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিএসটিআই, সিলেটের পরিদর্শক মোঃ মঈন উদ্দিনকে জেলা প্রশাসন, মৌলভীবাজারকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: