মৌলভীবাজারে এনসিপি নেত্রীকে ভুয়া এসপি পরিচয়ে হুমকি!
‘পাকনামি বেশি ভালো না’
মৌলভীবাজারে জাতীয় যুব শক্তি (এনসিপি-সংক্রান্ত যুব প্ল্যাটফর্ম)-এর জেলা যুগ্ম আহ্বায়ক ও ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর মুখপাত্র জান্নাতুল জেনিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। ‘SP Imran’ নামের একটি ফেইসবুক আইডি ব্যবহার করে মেসেঞ্জারে তাঁকে এই হুমকি দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত ঘটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে। মেসেঞ্জারে প্রেরিত বার্তায় উক্ত আইডি থেকে বলা হয়, “পাকনামি বেশি ভালো না” এবং “সময়ে হলো টের পাবে”। পুলিশ কর্মকর্তার ছবি ও পদবী সম্বলিত ফেইসবুক আইডি ব্যবহার করে দেওয়া এই বার্তার স্ক্রিনশট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৯ আগষ্ট) প্রথম সিলেটকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জান্নাতুল জেনি ।
এদিকে ভুয়া আইডির বার্তার জবাবে জান্নাতুল জেনি ক্ষোভ প্রকাশ করে ভুয়া ও ভীতি প্রদর্শনের চেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ভুয়া পরিচয় বা ফেইক আইডি ব্যবহার করে বিপ্লবীদের দমিয়ে রাখা যাবে না। উক্ত আইডিধারীকে নিজের অবস্থান সংশোধন করার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার স্ক্রিনশট প্রকাশের পর স্থানীয় তরুণ সমাজ ও যুব শক্তির কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে এ ধরনের হুমকি প্রদানকারীদের চিহ্নিত করতে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
তাহির আহমদ/ডিডি
মন্তব্য করুন: