মৌলভীবাজারের সরকারি হাসপাতাল তদারকিতে তামান্না তাসনীম
মৌলভীবাজার জেলার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা জোরদার এবং জনসেবা নিশ্চিত করতে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব তামান্না তাসনীমকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রশাসনিক নজরদারি জোরদার উদ্যোগের অংশ হিসেবে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।
গত ১৬ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে দেশের বিভিন্ন জেলার হাসপাতাল তদারকিতে কর্মকর্তাদের এই তালিকা প্রকাশ করা হয়।
তদারকির মধ্যে রয়েছে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সময়মতো উপস্থিতি এবং ডিজিটাল হাজিরা নিশ্চিতকরণ। হাসপাতালের পরিচ্ছন্নতা, নিরাপত্তা, ভৌত অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জামের অবস্থা পর্যবেক্ষণ। টিকাদান, অসংক্রামক রোগ প্রতিরোধ, মাতৃত্ব ও শিশুমৃত্যু হ্রাস এবং পুষ্টি কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ। জেলা প্রশাসক, সিভিল সার্জন, ইউএনও এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে সমন্বয় সাধন।
আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতি মাসে অন্তত একবার মাঠপর্যায়ে বাধ্যতামূলক পরিদর্শন করতে হবে এবং পরিদর্শনের পর পর্যবেক্ষন ও সুপারিশ সংবলিত প্রতিবেদন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
উল্লেখ্য, ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ তামান্না তাসনীম পূর্বে গাজীপুরের কাপাসিয়ার ইউএনওসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই মৌলভীবাজারের হাসপাতালগুলোর জনবল সংকট ও প্রশাসনিক সীমাবদ্ধতা দ্রুত দূর হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: