সিলেটের ভুয়া বিজিবি সদস্য সুনামগঞ্জে চোরাই মালামালসহ আটক
সুনামগঞ্জে চোরাই মালামালসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক ভুয়া সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে দিরাই পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় রাতে জাউয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাইফুর রহমান রুনেল (৩৯) সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাইফুর রহমান রুনেল গত ১৫ আগস্ট নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেল-এর ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। পরবর্তীতে ২০ আগস্ট বিকেলে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ট্রাভেল ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় ম্যানেজারের সন্দেহ হয়। পরে হোটেলের সিসিটিভি ফুটেজ ও রুম পরীক্ষা করে দেখা যায়, রুমের ২৪ ইঞ্চি এলইডি টিভি, বাথরুমের লুকিং গ্লাস, বেসিন শেলফ ও তোয়ালে উধাও।
এরপর তিনি গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় হোটেল কর্তৃপক্ষ সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া সব মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিজিবির ভুয়া পরিচয় দিয়ে চুরির বিষয়টি স্বীকার করেছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিজিবির ভুয়া পরিচয়ে হোটেলে উঠে চুরির ঘটনাটি ঘটিয়েছে রুনেল। পরে পালিয়ে যাওয়ার সময় মালামালসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় চুরির মামলা দিয়ে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
আর আর
মন্তব্য করুন: