তাহিরপুরে হাউসবোট থেকে বৌলাই নদীতে পড়ে শিশু নিখোঁজ
সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে বৌলাই নদীতে পড়ে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু পর্যটক নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহাতাবুর টু দক্ষিণকুল খেয়াঘাট সংলগ্ন বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনুর রহমানের মেয়ে।
জানা গেছে, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাইফান এ লাক্সারী ওয়াটার ভিলা’ হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক) ঘুরে যাদুকাটা নদী, বারেকটিলা ও শিমুলবাগানের উদ্দেশে রওনা হন। পথে দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় চলন্ত হাউসবোট থেকে হঠাৎ বৌলাই নদীতে পড়ে যায় রুকাইয়া নুর। পরে পানিতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়া নুরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর বিকেল সাড়ে ৩টা থেকে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী মিলে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে। তবে এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শামসুল আলম আখঞ্জী / আর আর
মন্তব্য করুন: