সিলেটে সুরমার তীরে ‘দুই টাকায় দুপুরের খাবার’ বসছে শনিবার
ক্ষুধা কখনো ধর্ম, বয়স কিংবা ব্যাকগ্রাউন্ড চেনে না; চেনে কেবল পেটের নির্মম আকুতি। ইট-পাথরের এই ব্যস্ত শহরে যেখানে দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করা এক কঠিন লড়াই, ঠিক সেখানেই আশার প্রদীপ জ্বেলে এগিয়ে এসেছে একদল স্বপ্নবাজ তরুণ। নামমাত্র দুই টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মুখে একবেলা তৃপ্তির আহার তুলে দিতে ‘নিঃস্বার্থ পরিবার-সিলেট’-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজন—"চাঁন্দের হাট: দুই টাকায় দুপুরের খাবার"।
আয়োজকেরা বলেন, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সম্পূর্ণ বিনামূল্যে না দিয়ে দুই টাকা কেন নেওয়া হচ্ছে? আয়োজকরা জানান, এটি কোনো করুণা বা দান নয়। রাস্তায় থাকা পথশিশু কিংবা নিঃস্ব মানুষগুলোর আত্মসম্মানবোধকে বাঁচিয়ে রাখতেই এই প্রতীকী মূল্য। দুই টাকা দিয়ে খাবার কিনে তারা যেন অনুভব করতে পারে—এটি তাদের নিজস্ব অধিকারে অর্জিত আহার, কোনো ভিক্ষা নয়। সম্মানের সাথে পেট ভরানোর এই অনুভূতি তাদের মনে বাঁচিয়ে রাখার নতুন অনুপ্রেরণা যোগাবে।
যে সুরমা নদী শত বছর ধরে সিলেটের হাজারো ইতিহাসের সাক্ষী, সেই সুরমার তীরেই আগামী শনিবার রচিত হতে যাচ্ছে ভালোবাসার এক নতুন উপাখ্যান। ক্বীন ব্রিজের পাশে প্রবীণ খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল নারী আর একমুঠো খাবারের খোঁজে ঘুরে বেড়ানো ছোট ছোট শিশুদের মুখে ফুটবে তৃপ্তির হাসি। এক থালা গরম ভাত আর ভালোবাসার পরশে তারা ভুলে যাবে সারাদিনের ক্লান্তি ও অবহেলা।
আগামীকাল শনিবার দুপুর ২ টায় সুরমা নদী সংলগ্ন ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজের পাশে বসবে এই বিশেষ খাবারের দোকান।
সমাজ বদলের এই ক্ষুদ্র কিন্তু মহৎ প্রয়াসকে সিলেটের প্রতিটি মানুষের হৃদয়কোণে পৌঁছে দিতে নগরীর সর্বস্তরের সংবাদকর্মীদের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে ‘নিঃস্বার্থ পরিবার-সিলেট’-এর সভাপতি মুক্তাদির কামালী দূর্জয় বলেন, “আমাদের এই চেষ্টা হয়তো সিলেটের সব মানুষের ক্ষুধা মেটাতে পারবে না, কিন্তু সমাজকে এটি বার্তা দেবে যে—একটু সহানুভূতি ও ইচ্ছেশক্তি থাকলে কারো মুখে হাসি ফোটানো কঠিন কিছু নয়। আসুন, আমরা যার যার অবস্থান থেকে এই নিঃস্ব মানুষগুলোর পাশে দাঁড়াই।”
ছোট একটি শুভ উদ্যোগই বদলে দিতে পারে একটি মানুষের বিশ্ব। সুরমার তীরে কালকের এই ‘চাঁন্দের হাট’ হয়ে উঠুক মানবতার এক অনন্য মিলনমেলা।
(প্রয়োজনে যোগাযোগ: ০১৭৬৬৭৬২৩৯১)
আর আর
মন্তব্য করুন: