সুনামগঞ্জ সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের পাশ থেকে অযৌক্তিকভাবে প্রায় সাড়ে চার হাজার গাছ কেটে ফেলার প্রতিবাদে এবং এতে জড়িত অসাধু চক্রের শাস্তির দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় পরিবেশবাদী, সামাজিক বনায়নের সুবিধাভোগী ও সাধারণ জনগণ একাত্মতা প্রকাশ করেন।
সংগঠনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ স্পষ্ট জানিয়েছে এই সড়কে বর্তমানে কোনো সম্প্রসারণ বা উন্নয়নমূলক কাজ নেই। তা সত্ত্বেও উন্নয়ন প্রকল্পের অজুহাত দেখিয়ে বন বিভাগ ইতিমধ্যে ১ হাজারের বেশি ফলদ, বনজ ও ঔষধি গাছ কেটে উজাড় করেছে। সওজের বক্তব্য এবং বন বিভাগের এই বৈপরীত্যমূলক কর্মকাণ্ডের পেছনে বন বিভাগের একটি প্রভাবশালী সিন্ডিকেটের কায়েমি স্বার্থ কাজ করছে বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে এ বৃক্ষনিধন বন্ধসহ চার দফা দাবি জানান বক্তারা। দাবীগুলোর মধ্যে রয়েছে, সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে চলমান সব বৃক্ষনিধন কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, সামাজিক বনায়নে যুক্ত সুবিধাভোগীদের বকেয়া লভ্যাংশ যথাযথভাবে বুঝিয়ে দেওয়া, বৃক্ষনিধনের নেপথ্যে জড়িত বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং জেলা প্রশাসকের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া ও ইতিমধ্যে কেটে ফেলা গাছের ক্ষতিপূরণ হিসেবে ওই রুটে দ্বিগুণ সামাজিক বনায়ন নিশ্চিত করা।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম মজনু ও ওবায়দুল মুন্সী, মিডিয়া বিষয়ক সম্পাদক এম ডি জাকারিয়া, ছাতক উপজেলা কমিটির সদস্য সচিব সুজন তালুকদার, দোয়ারাবাজার উপজেলার সদস্য মোফাজ্জল হাসান, সামাজিক বনায়নের নেতৃবৃন্দ ও স্থানীয় নারী সদস্যগণ।
সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না করা হলে হাওর এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বন বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
প্রীতম দাস / রত্না বাউরী
মন্তব্য করুন: