শ্রীমঙ্গলে ৯ বছরের শিক্ষার্থীকে যৌন নির্যাতন : কওমি মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামের এক কওমি মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৩ আগস্ট (রোববার) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডস্থ জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান উপজেলার সুনগইড় গ্রামের রফিক মিয়ার ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ দিন ধরে নির্যাতন ও অশালীন আচরণ করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। রোববার সকালে শিশুটি শিক্ষকের অনৈতিক নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখে স্বজনেরা কারণ জানতে চাইলে সে নির্যাতনের বিষয়টি প্রকাশ করে। এ ঘটনায় স্বজনেরা তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গল থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
সংবাদ পেয়ে শ্রীমঙ্গল থানার একটি দল মাদ্রাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবুলকে আটক করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৩৩)।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান প্রথম সিলেটকে জানান, ভুক্তভোগী শিশুর শরীরে নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসী ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শাহিন আহমদ / মীর্জা ইকবাল
মন্তব্য করুন: