শাল্লায় নবম শ্রেণির ছাত্রীকে ফুসলিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে জয়ন্ত দাস (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ২১ আগস্ট (শুক্রবার) দুপুরে উপজেলার হবিবপুর ইউনিয়নের চাকুয়া (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন ২২ আগস্ট (শনিবার) ভুক্তভোগী ছাত্রীর বাবা রতিন্দ্র দাস বাদী হয়ে একই গ্রামের কৃষ্ণ কান্ত দাসের ছেলে জয়ন্ত দাসকে বিবাদী করে শাল্লা থানায় এই অভিযোগ জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট দুপুরে মেয়েটি গ্রামের পাশের একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে তাকে একা পেয়ে জয়ন্ত দাস ফুসলিয়ে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়া-আসার পথে জয়ন্ত দাস দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল।
ঘটনার পর মেয়েটির পরিবার বিবাদী জয়ন্ত দাসের স্বজনদের সঙ্গে যোগাযোগ করলেও তারা ভুক্তভোগী ছাত্রী ও জয়ন্তের অবস্থান জানাতে অস্বীকৃতি জানান। নিরুপায় হয়ে ভুক্তভোগীর বাবা পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান।
ভুক্তভোগী ছাত্রীর বাবা রতিন্দ্র দাস বলেন, "আমার মেয়েকে প্রাইভেটে যাওয়ার পথে ফুসলিয়ে নিয়ে গেছে জয়ন্ত। মেয়েকে দ্রুত সুস্থ ও নিরাপদে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছি এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"
অভিযোগের বিষয়ে জানতে বিবাদী জয়ন্ত দাসের বাবা কৃষ্ণ কান্ত দাসের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার (২৫ আগষ্ট) শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী ছাত্রীসহ অভিযুক্তকে উদ্ধারে অভিযান চলছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: