টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে মানাই নদীতে গোসল করতে নেমে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যনওদাপাড়া এলাকার বন বিভাগকর্মী নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পিকলুসহ ১০ জনের একটি পর্যটক দল সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে নৌকাযোগে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে যাত্রা করে। সকাল ১০টার দিকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারসংলগ্ন মানাই নদীতে নৌকাটি থামানো হয়।
এ সময় দলের কয়েকজন সদস্য বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান। অন্য কয়েকজন নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে পিকলু নৌকা থেকে নদীর পানিতে লাফ দেওয়ার পর আর পানির ওপরে উঠতে পারেননি।
বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর দুপুর ১টার দিকে নদী থেকে পিকলুর মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ বলেন, “টাঙ্গুয়ার হাওরে পৌঁছানোর আগেই পর্যটক দলের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম সিলেটকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেছে। মরদেহ থানায় আনা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার
মন্তব্য করুন: