সুনামগঞ্জে আশ্রয়কেন্দ্র নির্মাণে অনিয়ম: কাদা-মাটিতেই ঢালাইয়ের অভিযোগ

সুনামগঞ্জে আশ্রয়কেন্দ্র নির্মাণে অনিয়ম: কাদা-মাটিতেই ঢালাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৭/০৮/২০২৬ ১৯:১৩:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সার্বিক তত্ত্বাবধানে ৭ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রাক্কলন অনুযায়ী সঠিক ভিত্তিপ্রস্তর ও ইট সলিং না করে সরাসরি কাদা-মাটির ওপর নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘তমা কনস্ট্রাকশন’ এর বিরুদ্ধে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার তহবিল ব্যবহার করে তৈরি এ প্রকল্পটিতে অনিয়মের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


​স্থানীয়দের সূত্রে জানা যায়, সুনামগঞ্জের হাওরাঞ্চলের দুর্যোগপ্রবণ মানুষের সুরক্ষায় এই আধুনিক আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে প্রকল্পের শুরু থেকেই সিডিউল ভেঙে কাজ চালিয়ে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। বেসমেন্টে বাধ্যতামূলক ইটের সলিং না করে কাদা ও জমা পানির ওপর তড়িঘড়ি করে নিম্নমানের মসলা দিয়ে ঢালাইয়ের কাজ চালানো হচ্ছে।

এলাকাবাসীর পক্ষে চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মনির ও আলতাফ বলেন, আমাদের চোখের সামনে ইটের সলিং না করেই কাদামাটির ওপর ঢালাই দিয়ে দেওয়া হচ্ছে। এতে করে ভবনটির স্থায়িত্ব নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি।

​অপর বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, দুর্যোগের সময় শত শত মানুষের প্রাণরক্ষার জন্য তৈরি করা এই ভবনে যদি শুরুতেই এমন অনিয়ম করা হয়, তবে কোটি কোটি টাকা খরচের কোনো মানেই হয় না।


​বীর মুক্তিযোদ্ধা বীর শাজাহান তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আন্তর্জাতিক সংস্থা জাইকার বরাদ্দে করা এই কাজে এভাবে তমা কনস্ট্রাকশন অনিয়ম করবে তা মেনে নেওয়া যায় না। অবিলম্বে এ কাজ বন্ধ করে সিডিউল অনুযায়ী মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে তদারকির বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, নির্মাণকাজে অনিয়ম বা সিডিউল বহির্ভূত কোনো কিছু করার সুযোগ নেই। স্থানীয়দের অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিচ্ছি। সরেজমিনে পরিদর্শন করে যদি কাজের মান বা সলিং নিয়ে কোনো ত্রুটি পাওয়া যায়, তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং মান নিশ্চিত করেই কাজ সম্পন্ন করা হবে।

​হাওরাঞ্চলের মতো দুর্যোগপ্রবণ এলাকায় প্রান্তিক মানুষের জীবন বাঁচানোর এই প্রকল্পটিতে জাইকার তহবিলের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


প্রীতম দাস/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad