অভিযোগ বিএনপি নেতার
তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ছয়টি ঘাটে রসিদবিহীন অতিরিক্ত টোল আদায়
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ছয়টি ঘাটে রসিদবিহীন অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি হারের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি টাকা আদায় করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতারা। তাদের অভিযোগ, এই চাঁদাবাজির কারণে স্থানীয় সংসদ সদস্য ও দলের সুনাম নষ্ট হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে তাহিরপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব অভিযোগ তোলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
জুনাব আলী বলেন, যাদুকাটা নদীর ফাজিলপুর এলাকা এবং পাটলাই নদীর শ্রীপুর-কামালপুর এলাকায় বিআইডব্লিউটিএ ও খাস কালেকশনের নামে রসিদ ছাড়াই কয়েক গুণ বেশি টোল আদায় করা হচ্ছে। তিনি বলেন, ‘সংসদ সদস্য বারবার বলার পরও কেন এই চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, তা বুঝতে পারছি না। কোনো জায়গায় গাফিলতি আছে তা খুঁজে বের করা দরকার। এর ফলে সংসদ সদস্য ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।’
বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, নৌ-মালিক ও শ্রমিকদের আন্দোলনের মুখে প্রশাসনের সঙ্গে বসে টোল নির্ধারণ করা হলেও তা মানা হচ্ছে না। পুলিশ যখন এলাকায় থাকে, তখন নির্ধারিত হারে টাকা নেওয়া হয়; কিন্তু পুলিশ চলে গেলেই আবার দ্বিগুণ-তিনগুণ টাকা আদায় শুরু হয়। এমনকি স্থানীয় বিএনপির একটি প্রভাবশালী সিন্ডিকেটও এই খাস কালেকশনের আড়ালে চাঁদাবাজিতে জড়িত বলে তিনি উল্লেখ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, চাঁদাবাজির বিষয়ে প্রয়োজনীয় প্রমাণসহ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা নেবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নওশাদ আহমেদ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
উল্লেখ্য, যাদুকাটা ও পাটলাই নদীর বিভিন্ন পয়েন্টে জেটি সুবিধা না থাকা সত্ত্বেও বিআইডব্লিউটিএ ও ডাম্পের বাজারের নামে একাধিক স্থানে টোল আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: