বাহুবলে দুই বাসে অভিযান চালিয়ে বিপুল ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭
হবিগঞ্জের বাহুবলে দুটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১৪০টি ভারতীয় কম্বল, ৫ হাজার ৫০০ পিস কিটক্যাট চকলেট, ১৩০ প্যাকেট ওরিও বিস্কুট, স্নিকার্স ও ডেইরি মিল্ক চকলেট, রেড বুল এনার্জি ড্রিংক, আমুল কুল জুসসহ বিভিন্ন পণ্য।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের কামারগাঁও এলাকায় চেরাগ আলী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
বাহুবল মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৌখিন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১০২৫) ও মিতালী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭৪৮৯) আটক করা হয়। পরে বাস দুটির পেছনের যাত্রীদের বসার সিট এবং উভয় পাশে থাকা মালামাল রাখার বক্সে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
পুলিশের উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১৪০টি ভারতীয় কম্বল, চারটি কাপড়ের ব্যাগে থাকা ছোট-বড় মিলিয়ে ৫ হাজার ৫০০ পিস কিটক্যাট চকলেট, ১৩০ প্যাকেট ওরিও বিস্কুট, ৫০ প্যাকেট স্নিকার্স চকলেট, ২৪ পিস রেড বুল এনার্জি ড্রিংক, ১০ প্যাকেট ডেইরি মিল্ক, ৯৬ বোতল আমুল কুল জুস এবং সাত প্যাকেট বেনজো চকলেট।
এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন—কিশোরগঞ্জের ভৈরবের রিয়াজ উদ্দিন (৪৫), শেরপুরের ঝিনাইগাতীর বকুল হোসেন (৫১), নারায়ণগঞ্জ সদর এলাকার তাপস কুমার মোদক (৪৩), ঢাকার সবুজবাগের জাহিদুল ইসলাম লীমন (৪৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোহাম্মদ সবুজ (৪৫), শরীয়তপুরের জাজিরার মালেক হোসেন ওরফে অপু (৫২) এবং সিলেটের গোয়াইনঘাটের দুলাল মিয়া (৪৯)।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে। পরে পুলিশ পাহারায় গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়।
স্বপন রবি দাশ/ নীরব
মন্তব্য করুন: