কমলগঞ্জ সীমান্ত দিয়ে তিনজনকে পুশইন করে পাঠিয়ে দিয়েছে বিএসএফ
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ঠেলে পাঠানো নারীসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে স্থানীয়দের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করেন।
আটক ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার সিঙ্গা শোলপুর গ্রামের রানা মোল্লা (২৪), তার স্ত্রী মাহমুদা আক্তার লিমা (২২) ও খুলনা জেলার বেজেরডাঙ্গা গ্রামের ময়না খাতুন (২০)।
স্থানীয় ও আনসার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) আওতাধীন দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে শনিবার সকাল আনুমানিক ৭টা ৩৫ মিনিটে ৬ নম্বর আলীনগর ইউনিয়নের বকসি টিলা এলাকায় বিএসএফ তিনজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনতা তাদের ঘিরে রাখে। পরবর্তী খবর পেয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ এনামুল হকের নির্দেশনায় আনসার বাহিনীর প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদ হেফাজতে নেয়। পরে পরিচয় শনাক্তকরণ ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সকাল সোয়া ৯টার দিকে তাদের কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, জীবিকার সন্ধানে প্রায় দুই মাস আগে সিলেটের সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। শনিবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বিএসএফের সদস্যরা তাদের চোখ বেঁধে বকসি টিলা সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার (৩০ আগষ্ট) কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন বলেন, ‘আটক ব্যক্তিরা সকলেই বাংলাদেশি নাগরিক। ইতোমধ্যেই তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। স্বজনরা উপস্থিত হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।’
তাহির আহমদ/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: